ঢাকা, বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ ১৩:০১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়ে জয় পেয়েছেন তিনি।


বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, ২৮ বছর পর দক্ষিণ ক্যারোলাইনায় সিনেট আসন ফিরে পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনে ৮৯ শতাংশ ভোট গণনা শেষে দলটির প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ ৫০ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯ লাখ ৪১ হাজার ৩৬৬। অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর ডারলিন গ্রাহাম পেয়েছেন ৮ লাখ ৭১ হাজার ৬৫ ভোট, যা মোট ভোটের ৪৭ দশমিক ০১ শতাংশ। তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।


পেশায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজের এই জয়কে অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলাইনায় ১৭ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন। তবে এবার তার সমর্থিত প্রার্থীকে পেছনে ফেলে অঙ্গরাজ্যটির সিনেট আসনে এগিয়ে রয়েছেন অ্যান্ড্রুজ। ফলে দীর্ঘ ২৮ বছর পর আসনটি ডেমোক্রেটিক পার্টির দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


চলতি বছরের জুলাইয়ে নিজের ভাই ও দীর্ঘদিনের সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ওই আসনে নিয়োগ পান ডারলিন গ্রাহাম। পরে পূর্ণ মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকার কথা স্বীকার করায় প্রচারের সময় সমালোচনার মুখে পড়েন ডারলিন।

আরও পড়ুন

সিনেটে ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে উত্তর ক্যারোলাইনায় কুপারের জয়

অন্যদিকে, নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহ ও ব্যয়ের দিক থেকেও এগিয়ে ছিলেন অ্যান্ড্রুজ। তার প্রচারশিবির ২ কোটি ২০ লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করে ডারলিনের চেয়ে বেশি ব্যয় করে। আসনটি ধরে রাখতে রিপাবলিকানপন্থী বিভিন্ন সংগঠনও প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করে। ডেমোক্র্যাটদের পক্ষ থেকেও প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার খরচ করা হয়।


অ্যানি অ্যান্ড্রুজের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, বেতনসহ পারিবারিক ছুটির সুযোগ বাড়ানো, সরকারি বিদ্যালয়ে বিনিয়োগ এবং বন্দুক সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়া। এর আগে ২০২২ সালে প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি তিনি।

সূত্র: এনবিসি নিউজ, রয়টার্স