ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৩:১৯:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়িতা চেইন শপ ক্রেতা শূন্য

প্রকাশিত : ০৬:৩৬ এএম, ৩ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৬ এএম, ৩ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : বাংলার নারীদের সৃজনশীল ও শৈল্পিক সত্তার এক সমন্বিত রূপের নাম ‘জয়িতা’। যেখানে ঘটেছে গ্রামবাংলার নারীর চিরন্তন প্রতিভা-সূচিকর্ম থেকে শুরু করে রান্না ও ঘর সাজানোসহ নানামুখী সামগ্রীর সমাবেশ। বাংলার নারীদের এই সৃজনশীল প্রতিভাকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক অনন্য প্রয়াস ‘জয়িতা’। দেশে গ্রামীণ দুস্থ নারীদের তৈরি পণ্য একটি ব্রান্ডের অধীনে সরাসরি বিক্রির জন্য ‘জয়িতা’ নামে একটি বিপণন কেন্দ্র তেরি করেছে সরকার। ধানমন্ডির রাপা প্লাজার শপিং মলের দুটো তলা জুড়ে এই বিপণন কেন্দ্রে দেশের ৬৪ জেলার ১৭৯টি নিবন্ধিত মহিলাদের সমিতিকে বরাদ্দ দেয়া হয়েছে স্টল। উদ্দেশ্য এসব মহিলারা যেন কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই সরাসরি ভোক্তা পর্যায়ে স্বল্পমূল্যে   পৌঁছে দিতে পারে তাদের উৎপাদিত পণ্য, সেই সাথে হয় নারীর ক্ষমতায়ন। জয়িতা নামে এই বিপণন কেন্দ্রটি আসছে নভেম্বর মাসে দুই বছর পূর্তি হতে যাচ্ছে। কিন্তু দুই বছরের মাথায় এসে নারী উদ্যোক্তাদের পরিচালিত ‘জয়িতা’ চেইন শপ অনেকটাই ক্রেতা শূন্য। এখানে মানসম্মত বিভিন্ন পণ্য থাকলেও প্রচারণার অভাবে ক্রেতা আকর্ষণে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন এখানকার উদ্যোক্তারা। এ ব্যাপারে সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্বাবধানে দুই বছর আগে পাইলট প্রকল্পের আওতায় ধানমন্ডির রাপা প্লাজার ৪র্থ ও ৫ম তলায় ২০১১ সালের নভেম্বরে শুরু হয় জয়িতা বিপণন কেন্দ্রের কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৬ নভেম্বর এর উদ্বোধন করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের নারী উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন। হস্তশিল্পজাত পণ্য থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সকল পণ্যের পসরা সাজিয়েছেন তারা। যথাযথ প্রচার প্রচারণার অভাবে রাজধানীবাসীর অনেকেই জানেন না এ বিপণন কেন্দ্রের খবর। ১০টি দেশীয় খাবার, ৬টি কৃষি পণ্য ও ১২৩ টি হস্তশিল্পজাত পণ্যের স্টল নিয়ে চেইন শপ জয়িতা। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন এ বিষয়ে বলেন, জাতীয় অর্থনীতিতে তৃণমূল নারীদের সংযোগ ঘটানোর জন্য এটি একটি মহান উদ্যোগ। এর মাধ্যমে আজকের তৃণমূল নারীরাই একদিন সারা পৃথিবীতে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করতে সক্ষম হবে, যা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। জয়িতার ঠিকানা :  ধানমন্ডি ২৭ নম্বর রোডের একবারে পূর্ব প্রান্তে অবস্থিত রাপা প্লাজার ৩য় ও ৪র্থ তলায় এই শপটি অবস্থিত। রাপা প্লাজা (৩য় ও ৪র্থ তলা), রোড : ২৭ (পুরাতন), সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৯১২৪৩০৬ মোবাইল : ০১৭১৫-৫৪৭০২৮ ওয়েব সাইট : www.joyeeta.com.bd খোলা-বন্ধের সময়সূচি : এই সুপার শপটি সপ্তাহের মঙ্গলবার ছাড়া অন্যান্য দিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে। প্রাপ্ত পণ্যগুলো : পিঠা, জুতা, ব্যাগ, গহনা, শাড়ি, ফুডস জোন, শাড়ী (মূল্য পরিবর্তনশীল)। বিল পরিশোধের নিয়ম : এই সুপার শপের যাবতীয় বিল নগদ টাকায় পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই। পণ্য পরিবর্তন : এই শপ থেকে কেনা পণ্য ফেরত দেওয়া যায় না। তবে কেনা পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নেওয়া যায়। পণ্য পরিবর্তনের জন্য পণ্য কেনার তারিখ হতে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে ক্যাশ মেমোসহ যোগাযোগ করতে হয়। গাড়ি পার্কিং : প্রতিষ্ঠানটির নিজস্ব কোন গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ৫০টি গাড়ি পার্কিং করা যায়। এজন্য ঘন্টা প্রতি ১০ টাকা হারে চার্জ দিতে হয়। অগ্নি নির্বাপন : অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রতি ফ্লোরে ফায়ার এক্সিট ব্যবস্থা রয়েছে। টয়লেট : প্রতিষ্ঠানটির প্রতি ফ্লোরে পুরুষদের জন্য ২টি এবং মহিলাদের জন্য ২টি করে টয়লেট রয়েছে। বিবিধ : শপটিতে পণ্য বহনের জন্য ট্রলি ব্যবস্থা নেই। কোনরূপ তথ্য বা অভিযোগ থাকলে তা অফিসে জানালে সমাধান করা হয়। এদের কোন চেইন শপ নেই। হোম ডেলিভারী, কর্পোরেট সেলস ও ডিসকাউন্টের ব্যবস্থা নেই। ব্যাংক : রাপা প্লাজা থেকে ২০ গজ উত্তর দিকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একটি শাখা রয়েছে। ১ অক্টোবর’২০১৩