ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক নারীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মঠখোলা-কটিয়াদী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোচালক শরীফ, মঠখোলা বাজারের জুতা ব্যবসায়ী খোকন মিয়া, রাজিয়া খাতুন এবং অহিদ মিয়া। এদের মধ্যে শরীফ পাকুন্দিয়া উপজেলার নগরহাজরাদী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। খোকন মিয়া উপজেলার চামরাইদ গ্রামের হাদিউল ইসলামের, অহিদ মিয়া উপজেলার মেরাতলা গ্রামের সিরাজ মিয়া এবং রাজিয়া খাতুন কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক সিলেট থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। সকাল আটটার দিকে ট্রাকটি পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যানটির চালক শরীফ এবং ব্যবসায়ী খোকন মিয়া মারা যান। আহত হন চারজন। তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাজিয়া খাতুন মারা যায়। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান অহিদ মিয়া।
আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মু. শফিকুল ইসলাম জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-জেডসি
