ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:২৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই মেয়রকে প্রধানমন্ত্রীর কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার‘ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি’র উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর হয়ে এ বার্তা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে প্রধানমন্ত্রী ডেঙ্গু নিধনে কার্যকরী ওষুধ প্রয়োগের নির্দেশ দিয়েছেন।’

রাজধানীর প্রতিটি এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে যেন সঠিকভাবে ওষুধ প্রয়োগ করা হয় তা নিশ্চিত করারও আদেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চোখের চিকিৎসার জন্য এবং কয়েকটি সভায় অংশ নিতে লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি সার্বক্ষনিকভাবে দেশের খোঁজখবর রাখছেন এবং প্রতিটি বিষয়ে নির্দেশনা পাঠাচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।’

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ঢাকার ১২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আটজন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

-জেডসি