ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:২৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু টেস্টিংয়ের এক লাখ কিটস আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু টেস্টিংয়ের জন্য সরকার কয়েক লাখ কিটস বিদেশ থেকে আনবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আজ বৃহ্স্পতিবার রাতের মধ্যে এক লাখ কিটস আসবে। আগামীকাল শুক্রবার বাকিগুলো চলে আসবে।

মালয়েশিয়া থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবার ঈদের ছুটি বাতিল করেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পায়নি, এমনটা হয়নি। কিন্তু ডাইজেস্টিভ ইনস্টিটিটিউট, বার্ন ইনস্টিটিউটের মতো কিন্তু কিছু কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি। দেশে যদি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ে এবং সরকারি হাসপাতালে যদি রোগী না ধরে, তাহলে আমরা এসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করব। কেননা এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব।

এরপর তিনি মিটফোর্ট হাসপাতালের ১০০ শয্যার ৪টি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করে ৩-৪ জন রোগীর সঙ্গে কথা বলেন। এসময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা না বলে চলে যান।

প্রসঙ্গত, দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যেই ব্যক্তিগত ভ্রমণে গত ২৭ জুলাই মালয়েশিয়া যান স্বাস্থ্যমন্ত্রী। ৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। তবে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে বিদেশ ভ্রমণের কারণে সমালোচনার মুখে পড়ায়, বুধবার রাত ১টার দিকে দেশে ফেরেন তিনি।

-জেডসি