মুকুলের ‘প্রেমিকা’ সিঁথি কারাগারে
প্রকাশিত : ০২:২২ পিএম, ২ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:২২ পিএম, ২ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গাজী টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলের কথিত প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথিকে কারাগারে পাঠিয়েছে আদালত। স্বামীর জিম্মায় সিঁথিকে জামিন দিতে চাইলেও স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে'র আদালতে আত্মসমর্পণ করে জামিন চান সিঁথি। দুপুর ১২টায় জামিন শুনানিতে সিঁথির আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, মুকুলের সঙ্গে সিঁথির কোনও সম্পর্ক নেই। মুকুলকে নির্যাতনে প্ররোচনা দেওয়ার সঙ্গেও তার সম্পর্ক নেই।
সিঁথির জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু, অ্যাডভোকেট মবিনুল ইসলাম ও সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি। বাদী নাজনীনের আইনজীবীরা আদালতকে বলেন, সিঁথির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণেই মুকুল নাজনীনের ওপর নির্যাতন করতেন।
সিঁথির আইনজীবীকে বিচারক অমিত কুমার দে বলেন, স্বামী সিঁথিকে জিম্মায় নিলে জামিন দেওয়া হবে। কিন্তু সিঁথির স্বামী ঢাকা ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজিউল আমিন তাকে জিম্মায় নিতে অস্বীকার করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুকুলের স্ত্রী ও মামলার বাদী নাজনীন আক্তার তন্বী দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার। গত ২৬ জুন রাতে মিরপুর মডেল থানায় তিনি নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেন। পরে পুলিশ সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে মুকুলকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। ২৮ জুন রিমান্ড শেষে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন।
০২.০৭.২০১৫ 