দেশজুড়ে আরও ২৩৪৮ জন ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে দুই হাজার ৩৪৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৪ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৬৪।
এর আগের ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন ১ হাজার ১৫৯ জন। আর রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় এই সংখ্যা ছিল ৯০৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন সাত হাজার ৯৬৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩, মিটফোর্ড হাসপাতালে ১০৪, ঢাকা শিশু হাসপাতালে ৩৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮৬, বারডেম হাসপাতালে ১৯, বিএসএমএমইউতে ৪৩, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১, বিজিবি হাসপাতাল পিলখানায় ৭, সম্মলিত সামরিক হাসপাতালে ৪২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ২৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ১৬৪ জন, রংপুর বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৪ জন, সিলেট বিভাগে ৩২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।
সরকারি হিসাব মতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে প্রাণ হারিয়েছেন ২৩ জন। শুধুমাত্র জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আর আগস্ট মাসের প্রথম ছয় দিন মারা গেছেন তিনজন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা ৭০ ছাড়িয়েছে।
-জেডসি
