ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঘরমুখো মানুষের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে দুদিন আগেই রাজধানী ছাড়তে শুরু করেন নগরবাসী। তবে আজ ঘরমুখো মানুষের চাপ অনেক বেশি। শুক্রবার ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন। তার সাথে বৈরি আবহাওয়া আর ট্রেন দেরিতে ছাড়ায় ঘরে ফেরা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরে দুর্ভোগ মাথায় নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন মানুষ।
ট্রেনে করে যারা বাড়ি যাবেন তাদের অনেকে নির্ধারিত সময়ের অনেক আগেই কমলাপুর স্টেশনে উপস্থিত হন। কিন্তু ট্রেনে দেরিতে আসায় ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে যেতে চাওয়া যাত্রীরা।
অধিকাংশ ট্রেন কমলাপুর ছাড়তে বিলম্ব হবে বলে স্টেশন থেকে জানা গেছে। এদিকে গতকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আজও ঢাকার আকাশ মেঘলা আছে। ফলে বাড়ি ফেরা নিয়ে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের।
আজ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৮টার পর কমলাপুর স্টেশন ছেড়ে যায়। অন্যদিকে উত্তরবঙ্গগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ তিন ঘণ্টা বিলম্বে সাড়ে ৯টার দিকে ছেড়ে গেছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। এটি সকাল সাড়ে ৬টায় ঢাকা ছাড়ার কথা ছিল।
এ ছাড়া সকাল ৮টায় চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ‘নীলসাগর এক্সপ্রেস’। কিন্তু তা সেই সময় পর্যন্ত প্লাটফর্মে এসে পৌঁছায়নি। ৩৭টি রুটের মধ্যে দু-একটি বাদে সব ট্রেনই বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গতকাল বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সবকটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়েছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে আজ শুক্রবার ৩৭টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩৪টি হচ্ছে নিয়মিত আন্তঃনগর ট্রেন; আর তিনটি হচ্ছে ঈদ স্পেশাল।
-জেডসি
