যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক অপরিহার্য : বার্নিকাট
প্রকাশিত : ০৯:১০ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ০৯:১০ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গতিশীল, বহুমুখী এবং অপরিহার্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৯তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় ৫ লাখ বাংলাদেশী বসবাস করছে। এদের মধ্যে অনেকে লেখাপড়া করছে। কেউ ব্যবসা করছে। কেউ চাকরি করছে। বাংলাদেশেও অনেক আমেরিকান বসবাস করছে। তাদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দু’দেশের জনগণ আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তাদের বাংলাদেশী বন্ধু ও অংশীদারদের আমন্ত্রণ জানান।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ২৩৯ বছর আগে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল, সকল মানুষ সমান।
তিনি বলেন, বছরের পর বছর আমাদের এই আত্মবিশ্বাস আমেরিকান জনগণকে আরো বিচিত্র করে তুলেছে। আমরা মনে করি, সকল পুরুষ ও নারী সমান। আমাদের গণতন্ত্র সর্বদাই তাদের স্বীকৃতি দিচ্ছে এবং স্বার্থ সংরক্ষণ করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ দৃঢ় গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান সকল মানুষের সমঅধিকার সংরক্ষণ করেছে।
০৪.০৭.২০১৫ 