ছাদ থেকে লাফিয়ে পড়ে কারারক্ষীর স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রধান কারারক্ষীর স্ত্রী মারা গেছেন। আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে ওই ভবনের পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
নিহত ফাতেমা বেগম (৪০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রধান কারারক্ষী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বুধবার সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’
ফাতেমা একজন মানসিক রোগী ছিলেন উল্লেখ করে ওই কারারক্ষী বলেন, গত দুই মাস আগে তাকে ডাক্তার দেখানো হয়। ফের ডাক্তার দেখানোর কথা ছিল। কিন্তু তার ডাক্তার হজে চলে যান। হজ থেকে ফিরলে আবারও তাকে দেখানোর কথা ছিল।
এ ব্যাপারে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
