রোহিঙ্গা প্রত্যাবাসন ফের পেছালো
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২২ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে রাজি হয়নি বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।
বৃহস্পতিবার টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষ্যৎকার দেয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে সেসব রোহিঙ্গার সাক্ষ্যাৎকার নেয়া অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের সাড়া না পাওয়ায় প্রত্যাবাসনের দিনক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি বলেন, চারটা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রশাসন ও গাড়ি প্রস্তুত আছে। এই সময় তারা যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে তাদের প্রত্যাবাসন করা হবে। আমরা জোর করে কাউকে পাঠাচ্ছি না। তবে আমরা প্রত্যাবাসনের জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।
এর আগে গত বছরের নভেম্বর মাসে একই রকমের একটি প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যায়।
শালবাগান ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রত্যাবাসন শুরু হয়নি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাসহ (ইউএনএইচসিআর) বিভিন্ন এনজিওর সমন্বয়ে এ কার্যক্রম চলবে।
-জেডসি
