ডাক দিয়ে যায় # আইরীন নিয়াজী মান্না
প্রকাশিত : ০৫:১১ পিএম, ৫ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ০৫:১৬ পিএম, ৫ জুলাই ২০১৫ রবিবার
ডাক দিয়ে যায় বনমহুয়া
বাঁশ-বাগানের ঝাড়,
ডাক দিয়ে যায় সন্ধ্যারাতে
তারার মনিহার।
ডাক দিয়ে যায় পাখ-পাখালি
তিল-সরিষার শাখ,
ডাক দিয়ে যায় দূরের পাখি
রূপসা নদীর বাঁক।
ডাক দিয়ে যায় সবুজ পাহাড়
দূরের ধূসর বন,
ডাক দিয়ে যায় টুনটুনিটা
উদাস করে মন।
ডাক দিয়ে যায় স্রোতের নদী
উতাল-পাতাল ঢেউ,
ডাক দিয়ে যায় দুখের সাগর
কেউ দেখে না কেউ।
ডাক দিয়ে যায় মাঠের কৃষক
দূরের সোনা গাঁয়,
ডাক দিয়ে যায় কৃষান মেয়ে
ঘরের আঙিনায়।
ডাক দিয়ে যায় শীতের সকাল
শিশির জ্বলা ভোর,
ডাক দিয়ে যায় ভোরের পাখি
আলগা করা দোর।
ডাক দিয়ে যায় আসমানী মেঘ
জ্যৈষ্ঠ মাসের শেষ
ডাক দিয়ে যায় সবুজ শ্যামল
সোনার বাংলাদেশ। 