ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১২:৩২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার বরখাস্ত ট্রাম্পের ব্যক্তিগত নারী সহকারী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডেলিন ওয়েস্টারহাউটকে জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। ট্রাম্প পরিবারের ভেতরকার তথ্য ফাঁসের দায় মাথায় নিয়ে তিনি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এএফপি।

কোনো কর্মকর্তাই হোয়াইট হাউসে ট্রাম্পের অধীনে বেশিদিন টিকতে পারছেন না। স্বেচ্ছায় বা ব্যর্থতার দায়ে কয়েক মাস পরপরই পদত্যাগ করতে হচ্ছে তাদের। এই তালিকায় এবার যুক্ত হলো মেডেলিনের নামও।

২০১৭ সালে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজে যোগ দেন মেডিলিন। তিনি ওভাল অফিসের অপারেশন্স বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করছিলেন।

নিউজার্সিতে এক ডিনারে মেডেলিন ‘অব-দ্য-রেকর্ড’ ট্রাম্পের পারিবারিক কিছু তথ্য ফাঁস করেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে এখনো জানা যায়নি তিনি ঠিক কী কী তথ্য দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র পলিটিকোকে জানায়, সম্প্রতি হোয়াইট হাউসে আরো বড় ধরনের দায়িত্ব নিতে চাচ্ছিলেন মেডেলিন। এর মধ্যে ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে ভ্রমণ সংক্রান্ত দায়িত্ব। এ চেষ্টায় বিরক্ত হয়ে ওঠেন কয়েকজন কর্মকর্তা, যারা মেডেলিনকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবেই যোগ্য ভাবতেন।

৯৫ হাজার ডলার বেতনে ২০১৭ সালে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব নেন মেডেলিন। দুই বছর পরে পদোন্নতি পেয়ে ওভাল অফিসের পরিচালক হিসেবে বেতন বেড়ে ১ লাখ ৪৫ হাজার ডলার হয়।

-জেডসি