ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৫:৫৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহীয়সী মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আজ মহীয়সী নারী মাদার তেরেসার ২২তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন আলবেনিয়ান-বংশোদ্ভূত, ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী।

শতাব্দীর শ্রেষ্ঠ নারী, দুস্থ, দরিদ্র, অসহায়, অবহেলিত মানুষের ত্রাণকর্ত্রী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ অগস্ট অটোম্যান সাম্রাজ্যের ইউস্কুবে জন্মগ্রহণ করেন। তবে ২৬ আগস্ট জন্ম হলেও তিনি ২৭ আগস্ট তারিখটিকেই তাঁর প্রকৃত জন্মদিন মনে করতেন। কেননা, ওই তারিখেই তাঁর ব্যাপটিজম সম্পন্ন হয়েছিল।

১২ বছর বয়সেই তিনি ধর্মীয় জীবন যাপনের সিদ্ধান্ত নেন এবং ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসেবে সিস্টার্স অব লোরেটো সংস্থায় যোগ দেন।

সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। পাশাপাশি মিশনারিজ অব চ্যারিটির বিকাশ ও উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রথমে ভারতে ও তার পর সমগ্র বিশ্বে তাঁর এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে।

১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন।

তাঁর জনহিতৈষীমূলক কাজের জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার এবং ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন অর্জন করেন মাদার তেরেসা।

১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পোপ দ্বিতীয় জন পল তাকে স্বর্গীয় আখ্যা দেন। মৃত্যুর আগ পর্যন্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করেন এ মহীয়সী নারী।