ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২৩:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছদ্মবেশে বের হন, আসল চিত্র পাবেন : রওশন এরশাদ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০১:৪৭ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

file-26স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রীর আশপাশের লোকজন তাকে দেশের মানুষের সঠিক তথ্য দেন না বলে মনে করেন রওশন এরশাদ। তিনি বলেছেন, সঠিক তথ্য পেতে হলে প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে মানুষের কাছে যেতে হবে। সংসদে ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে রাজধানীতে যানজট, দূষণ, ভূমিকম্প ঝুঁকি, বস্তিবাসীর দুর্ভোগ, খাদ্যে ভেজাল, মাদক ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি ছদ্মবেশে সঠিক খোঁজখবর নিন। আপনার পাশে যারা রয়েছেন তারা সঠিক কথা বলেন না। আপনি রাতে বের হন, প্রয়োজনে বোরকা পরে বের হন। অনুরোধ করব- মানুষ কীভাবে আছে তা দেখেন।” সমাপনী ভাষণের শুরুতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যাকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা। বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেন রওশন। তিনি বলেন, “চলতি সংসদে বিরোধী দল সঠিক ভূমিকা পালন করছে। এর আগে কখনও বাজেট পাস ও ধন্যবাদ আলোচনায় বিরোধী দল উপস্থিত ছিল না। আমরাই গতবার ও এবার বাজেটের পুরো কার্যক্রমে উপস্থিত ছিলাম। বিরোধী দল হিসেবে আমরাই সঠিক ভূমিকা পালন করেছি।” বিএনপির বয়কটের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে দশম সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। একইসঙ্গে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ায় বিরোধী দল হিসেবে তাদের সংসদে কার্যকর ভূমিকা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। রওশন এরশাদ বলেন, “বর্তমানে বিরোধী দল গঠনমূলক ও সক্রিয় ভূমিকা রাখছে। ছোট বিরোধী দল হলেও আমরা দেখিয়ে দিতে চাচ্ছি- বিরোধী দল কী ভূমিকা রাখে, কী ভূমিকা রাখা উচিত। সংসদকে প্রাণবন্ত করতে আমাদের ভূমিকা যথাযথভাবে পালন করেছি।” ০৮.০৭.২০১৫