ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:২৩:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত, সরকার-বিরোধী দলের উপস্থিতি সংসদকে আরো কার্যকর করেছে : স্পিকার

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০১:৫২ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার

2013-04-30-19-06-24-5180163074aac-10স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশন আজ শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ শেষ করা হয়। এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। স্পিকার বাজেট অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাই কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাজেটের ওপর সরকার, বিরোধীদল ও স্বতন্ত্র সদস্যদের মূল্যবান আলোচনা ও মতামত বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অধিবেশনে সরকার, বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের সরব উপস্থিতি সংসদ প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠে। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সংসদ সদস্যসহ সকলের প্রতি অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান। দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন গত ১ জুন শুরু হয়। মোট ২৬টি কার্যদিবসের এ অধিবেশনে গত ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন সংসদে এ বাজেট পাস করা হয়। গত ৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অন্যান্য মন্ত্রীসহ সরকারি ও বিরোধীদলের ২১৯ জন সদস্য ১৮ কার্যদিবসে মোট ৫৮ ঘণ্টা মূল বাজেট ও সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি দলের ১৫৩, ওয়ার্কার্স পার্টির ৫ জন, জাসদের ৫ জন, তরিকত ফেডারেশনের ১ জন, জাতীয় পার্টির ৩০ জন, জেপির ১ জন, বিএনএফের ১ জন ও স্বতন্ত্র ১০ জন রয়েছে। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ২ কার্যদিবসে ১৩ জন সদস্য ৪ ঘন্টা ১৫ মিনিট এবং মূল বাজেটের ওপর ১৬ কার্যদিবসে ২০৬ জন সরকার ও বিরোধীদলের সদস্য মোট ৫৩ ঘন্টা ৪৫ মিনিট আলোচনা করেন। এ অধিবেশনে মোট ৫টি সরকারি বিল পাস করা হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৬০টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি নোটিশ গৃহীত এবং ৩টি নোটিশের ওপর আলোচনা হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৪৫টি ছিল। এছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় তিনটি নোটিশের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। তিনটি নোটিশ ছিল দীর্ঘদিন পর বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ প্রস্তাব, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বাংলাদেশী বংশোদ্ভূত তিন নারী নির্বাচিত হওয়ায় ধন্যবাদ প্রস্তাব এবং বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ প্রস্তাব। অধিবেশনে সর্বসম্মতভাবে এ তিনটি ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়। এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ২৯২টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি সম্পূরকসহ ৬০টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য ৪ হাজার ১২২টি প্রশ্নের মধ্যে ২ হাজার ৮৭৮টি প্রশ্নের জবাব দেন। সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান। ০৮.০৭.২০১৫