প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্তকে পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে প্রতিবন্ধী এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে উত্তেজিত গ্রামবাসী। লিমপোপোর মুহোভহোয়া গ্রামে ওই ব্যক্তিকে পুড়িয়ে হত্যার পর পুলিশে খবর দেয়া হয়।
স্থানীয় গণমাধ্যম সোয়েটান লাইভ জানিয়েছে, কাঠ সংগ্রহ করার সময় ১৭ বছর বয়সী এক কিশোরিকে ওই ব্যক্তি ধর্ষণ করেছে। পুলিশের মুখপাত্র কর্নেল মোয়াটসে এনগোপে বলেন, ওই কিশোরি আক্রান্ত হওয়ার সময় সেখানে আরও কয়েকজন নারী ছিল। তিনি বলেন, অন্য নারীরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওই কিশোরি পেছনে পড়ে থাকে। পরে ওই অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে।
ধর্ষণের কথা জানাজানি হলে কমিউনিটির লোকজন ‘বিষয়টি আলোচনা’ করতে মিলিত হয়। কিন্তু পরে তারা অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে এবং বিভিন্ন জিনিস নিয়ে তার ওপর হামলা চালায়। পরে তার গায়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এদিকে ওই ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে। একই সঙ্গে ওই ব্যক্তির হত্যার সঙ্গে জড়িত কারও ব্যাপারে কোনও তথ্য থাকতে তা জানানোর আহ্বান জানিয়েছে।
তবে ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। লিমপোপো পুলিশ কমিশনার লে. জেনারেল এননেকে লেডওয়াবা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবার প্রতি আহ্বান করেছেন।
-জেডসি
