ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:১৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ায় বৈধতা পেল গর্ভপাত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ায় এখন গর্ভপাত বৈধ। সবশেষ রাজ্য হিসেবে নিউ সাউথ ওয়েলস গর্ভপাতকে বৈধতা দেয়ার পর এখন থেকে এটি আর অপরাধমূলক কাজ বলে বিবেচিত হবে না।

গতকাল বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে গর্ভপাত সংক্রান্ত ওই বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে দেশটিতে গর্ভপাত নিষিদ্ধের ১১৯ বছর পুরনো আইন বাতিল হলো। বিরোধীরা দীর্ঘদিন ধরেই এই আইনটিকে আদিম বলে উল্লেখ করে আসছিল।

প্রাদেশিক পরিষদে গত এক সপ্তাহের বিতর্ক শেষে ক্ষমতাসীন রক্ষণশীল সরকারের দ্বিধাবিভক্তির মধ্য দিয়ে বিলটি পাস হয়।

এতদিন ধরে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ ছিল রাজ্যটিতে। তবে বিশেষ ক্ষেত্রে তার অনুমোদন ছিল। যদি কোনও চিকিৎসক দেখেন গর্ভপাত না করালে একজন নারী ‘মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে’ পড়বেন তখন সেই নারী গর্ভপাতের অনুমতি পেতেন।

প্রাদেশিক পরিষদে ২৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে এবং ১৪ জন আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। অবশ্য বিলটি সংসদে উত্থাপন করার পর এক সপ্তাহ বিতর্কের মধ্য দিয়ে প্রস্তাবিত বিলটিতে শতাধিক সংশোধন আনা হয়। ইতোমধ্যে উচ্চকক্ষ বিলটির অনুমোদন দিয়েছে।

সংসদে পাস হওয়া আইন অনুযায়ী, গর্ভধারণের ২২ সপ্তাহ পর্যন্ত একজন নারী তার গর্ভপাত করানোর অনুমতি পাবেন। আর যদি এর চেয়ে বেশি সময় পর কারও গর্ভপাতের প্রয়োজন হয় তাহলে অন্তত দুজন চিকিৎসককে তাতে সম্মতি দিতে হবে।

-জেডসি