ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়ের আত্মহত্যার খবর শুনে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

রেশমা আক্তার। ছবি: সংগৃহীত

রেশমা আক্তার। ছবি: সংগৃহীত

পরিবারের চাপে বাল্যবিয়েতে রাজি না হয়ে রেশমা আকতার (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। এদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মায়েরও মৃত্যু হয়েছে।

ইন্দুরকানী উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে রেশমা এবং আজ শুক্রবার সকালে তার মা মিনারা বেগমের মৃত্যু হয়।

স্কুলছাত্রী রেশমার ভাবি শিল্পী আক্তার জানান, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের জব্বার বেপারীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমা আকতারের (১২) সঙ্গে গত এক মাস আগে একই গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের বিয়ে ঠিক হয়। ছেলের পক্ষ থেকে রেশমাকে আংটিও পড়ানো হয়। কিন্তু রেশমা এ বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।

শিল্পী আকতার আরও জানান, বৃহস্পতিবার বিকেলে মা মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললে রেশমা মায়ের কথা না শুনে জেদ ধরে ঘরে বসে থাকে। এ নিয়ে মায়ের সঙ্গে রেশমার কথাকাটাকাটি হয়। রেশমার মা এক পর্যায়ে রাগ করে তাকে জুতাপেটা করে। এতে ক্ষোভে রেশমা ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় রেশমার মৃত্যু হয়। রেশমার মৃত্যুর খবর শুনেই তার মার স্ট্রোক করে। পরে আজ সকালে তারও মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন জানান, রেশমার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে।