চীনে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩৬ জন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শনিবার সকালে দেশটির জিয়াংসু প্রদেশের চাংচুং-শেনজেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জিয়াংসু প্রদেশের ইশিং শহরের পুলিশ জানিয়েছে, বাসটির সামনের দিকের একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তার ডিভাইডার ভেঙে বিপরীত দিকের লেনে গিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনা কবলিত বাসে মোট ৬৯ জন এবং ট্রাকে তিনজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানের জন্য চাংচুন-শেনজেং মহাসড়কেস প্রায় আট ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহত ৩৬ জনের মধ্যে নয়জনের আঘাত গুরুতর, ২৬ জন সামান্য আঘাত পেয়েছেন আর বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০১৫ সাল থেকে দেশটিতে ৫৮ হাজার মানুষ দুর্ঘটনায় নিহত হয়েছে।
