রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই: ওয়াশিংটন পোস্টকে হাসিনা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি কারো সঙ্গে লড়াইয়ে জড়াতে চাই না। আমি এই পরিস্থিতির শান্তিপূর্ণ একটি সমাধান চাই। কারণ, মিয়ানমার আমার নিকটতম প্রতিবেশী।’
শুক্রবার ম্যানহাটনের মিডটাউন হোটেলে ওয়াশিংটন পোস্টের সাপ্তাহিক সাময়িকী 'টুডেস ওয়ার্ল্ডভিউ'কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 'রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না: শেখ হাসিনা' শিরোনামে আজ সোমবার 'টুডেস ওয়ার্ল্ডভিউ'য়ে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। খবর ওয়াসিংটন পোস্ট ও বাসসের।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, মায়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কাজ হবে, তাহলে তো খুবই চমৎকার। তবে, আমি এই পরামর্শ দিতে পারি না।’
শেখ হাসিনা জানান, তিনি এই ইস্যুটি নিয়ে মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা নোবেল বিজয়ী অং সান সুচির সাথেও আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘সুচি এই পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেন। তিনি আমাকে বলেছেন, সেনাবাহিনী তার কথা খুব একটা শোনে না।’
ভারতে ২০১৬ সালে আয়োজিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনকালে তাদের মধ্যে ওই বৈঠকটি হয়। এরপর থেকে সুচি দেশটির সামরিক বাহিনীর সিদ্ধান্তকেই সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এমনকি তিনি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠিটিকে বুঝাতে ‘রোহিঙ্গা’ শব্দটিও উচ্চারণ করেন না।
শেখ হাসিনা সাক্ষাতকারে বলেন, ‘এখন আমি দেখতে পাচ্ছি, সুচি তার অবস্থান থেকে সরে এসেছেন।’
সাম্প্রতিক একটি নিবন্ধের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়, ইউএন কমিশনের একটি প্রতিবেদন সতর্ক করে দিয়েছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে যে ধরনের সহিংতার কারণে রোহিঙ্গারা দেশত্যাগে বাধ্য হয় এখনো সেখানে একই অবস্থা বিরাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, ‘মিয়ানমার সরকারের একটি অংশের ওই গণহত্যার সঙ্গে জড়িত থাকার জোরালো প্রমাণ মিলেছে। সেখানে আবারো গণহত্যা সংঘটিত হওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে। মিয়ানমার সরকার গণহত্যা ঠেকাতে, গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে ও গণহত্যার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি এ মাসের গোড়ার দিকে সাংবাদিকদের বলেন, ‘সহিংসতা দমনে মিয়ানমার কিছুই করেনি। রাখাইনে এখনো যেসব রোহিঙ্গারা আছেন, তারা ২০১৭ সালের আগস্টে সহিংসতার সময়কার মতোই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন।
নিবন্ধটিতে আরো বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের ছোট একটি দলের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে দেশটির সাথে চুক্তি হলেও শরণার্থীদের অধিকাংশ রাখাইনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।
রোহিঙ্গাদের পক্ষে মানবাধিকার আইনজীবীদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়, শরণার্থীরা মিয়ানমারে তাদের জন্য বিপজ্জনক ও অনিশ্চিত রাজ্যটিতে ফিরে যেতে ভয় পাচ্ছেন। সেখানে তারা সামরিক বাহিনী ও সরকারপন্থীদের দ্বারা সহিংস হামলার আশঙ্কা করছেন, যারা তাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এবং তাদের প্রিয়জনকে হত্যা ও ধর্ষণ করেছিল।
নিবন্ধে বলা হয়, শেখ হাসিনা রোহিঙ্গাদের দূরাবস্থার প্রতি সহানুভূতিশীল।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জন্য এটা একটা বড় বোঝা, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে তাদের ওপর যা ঘটেছে তা এক ধরনের গণহত্যা।’
তিনি জানান, ‘হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ অনেক কিছু ঘটেছে। নিরাপত্তার জন্য তারা তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
শেখ হাসিনাকে উদ্ধৃত করে পত্রিকার নিবন্ধে বলা হয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহ।’
তিনি পত্রিকাকে আরো জানান, ‘আজকের দেশের এই বোঝা আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। ক্রমবর্ধমান হতাশাগ্রস্ত ও কর্মহীন শরণার্থীরা মৌলবাদ ও উগ্রবাদের দিকে ঝুকে যেতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন অবস্থান করলে খুব সহজেই তারা ধর্মান্তরিত হতে পারে অথবা ‘জঙ্গি গ্রুপগুলোতে’ যোগ দিতে পারে। সরকার গত সপ্তাহে রোহিঙ্গা শিবিরগুলোর চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সেখানে টহলের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের এখন থাকার জন্য স্বাগত জানানো হয়েছে।
তিনি বলেন, ‘তারা আমাদের মাটিতে আছে। আর কিবা আমরা করতে পারি।’
সম্ভাব্য অস্ত্র বিষেধাজ্ঞা এবং আরো কঠোর নিষেধাজ্ঞা যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর আরোপ করেছে এসবসহ মিয়ানমারকে চাপে ফেলতে আর কি করা যায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রত্যাশা- আন্তর্জাতিক সম্প্রদায় আমার প্রতিবেশীর ওপর আরো চাপ প্রয়োগ করতে পারে।
শেখ হাসিনা বলেন, মিয়ানমারের সমস্যা হচ্ছে তারা অন্য কারো কথা শুনে না।
শেখ হাসিনা বলেন, সরকার শরণার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজ করছে।
নিবন্ধে বলা হয়, গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সামাজিক অবস্থার অসমর্থতা বুঝতে হবে।
তিনি আরো বলেন, আমার দেশ ‘মিয়ানমারের নিজেদের সৃষ্ট সংকট’ মোকাবেলা করছে।
