কারফিউর মধ্যে কাশ্মীরে স্কুল খুলছে ৩ অক্টোবর
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০২ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের সব স্কুল আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে খুলে দেয়া হবে বলা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া, আগামী ৯ অক্টোবর থেকে কলেজগুলোও খুলে দেয়া হবে।
জম্মু ও কাশ্মীরের কমিশনারের কার্যালয় ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবারো খুলে দেয়া হবে।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত। তখন থেকেই কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে থেকেই সেখানে কড়া নিরাপত্তা আর কারফিউ জারি এখনো রয়েছে।
গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীরের বিষয় নিয়ে ভারতের পদক্ষেপের কড়া সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কাশ্মীরের জনগণকে অবরুদ্ধ করে রেখেছে ভারত। আর কারফিউ তুলে নেয়ার পর সেখানে রক্তের বন্যা বয়ে যাবে। ইমরানের ওই বক্তব্যের কয়েকদিন যেতে না যেতেই কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ভারতের কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার কাশ্মীরের সব স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শিক্ষকদের বৈঠক হবে বলে জানানো হয়। একই সাথে জানানো হয়, কাশ্মীরের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলেছে। শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সময়ে কোনো ধরনের অসুবিধা হয়নি বলে উল্লেখ করা হয়।
আজ জম্মু ও কাশ্মীরের বিষয় নিয়ে সর্বোচ্চ আদালতে ৫ বিচারকের একটি বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিপক্ষে চ্যালেঞ্জ করে এই পিটিশন দায়ের করা হয়েছে।
-জেডসি
