ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৫৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতের ব্যবসার অন্যতম ক্ষেত্র হতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৌগলিক অবস্থানের জন্য বাংলাদেশের দক্ষিণ এশিয়ার অর্থনীতির কেন্দ্র হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পূর্ব এশিয়া, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যবর্তী হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভারতের ব্যবসার অন্যতম ক্ষেত্র হতে পারে। আমরা এই অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে ভূমিকা রাখতে পারি।

বাংলাদেশের সরকারপ্রধান বলেন, আমাদের নিজস্ব ১৬ কোটি জনগণের পাশাপাশি প্রায় ৩০০ কোটি মানুষের একটি বিশাল বাজারের যোগাযোগের পথ হতে পারে বাংলাদেশ। একইসাথে আমাদের নেতৃত্বের অন্যতম শক্তি হচ্ছে- উন্নয়নের প্রতি মানুষের আকাঙ্ক্ষা; তাদের লড়াকু মানসিকতা আর আত্মবিশ্বাস।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসের দরবার হলে ইন্ডিয়া ইকোনমিক সামিটে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং শোষণহীন সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তার সেই লক্ষ্যই ২০২১ সালের মধ্যে আমাদেরকে উন্নয়নশীল আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার আত্মবিশ্বাস দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কোরিয়াতে গত বছর ১২টি ইন্ডাস্ট্রিয়াল রোবট রপ্তানি করেছি। বাংলাদেশে তৈরি ৪টি জাহাজ ভারতে আসছে। সম্প্রতি, রিলায়েন্স বাংলাদেশে তৈরি বিপুল পরিমাণ রেফ্রিজারেটর ক্রয় করেছে। বাংলাদেশে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সারের বিশাল গোষ্ঠি আছে।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরে বাংলাদেশের সরকারপ্রধান বলেন, গতানুগতিক খাতের বাইরে বাংলাদেশের শিক্ষা; হালকা শিল্প; ইলেকট্রনিক্স; গাড়ি শিল্প; কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদেশি; বিশেষ করে ভারতের উদ্যোক্তাদের বিনিয়োগ করার এখনই সময়।

দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে বাংলাদেশ উদার বিনিয়োগের অন্যতম ক্ষেত্র উল্লখ করেন শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের আইনি সুরক্ষা; বছরে বড় ধরনের প্রণোদনা; যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড়; সহজে ব্যবসা ছাড়া; পুরো মুনাফা ও মূলধন বিদেশে নেয়ার সুবিধা দেয়া হয়।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক এলাকা তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ১২টি অর্থনৈতিক এলাকায় কার্যক্রম শুরু হয়ে গেছে। ভারতের বিনিয়োগকারীদের জন্য আছে দুইটি অর্থনৈতিক এলাকা। এছাড়া, বেশ কয়েকটি হাই টেক পার্কও প্রস্তুত করা হয়েছে।

এর আগে, আজ সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে ৯টা ৫০ মিনিটে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী যোগ দেন ইন্ডিয়া ইকোনমিক সামিটে।

-জেডসি