ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চিকিৎসার টাকা না থাকায় কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

মৌসুমি খাতুন

মৌসুমি খাতুন

রাজশাহীতে ঝুলন্ত অবস্থায় এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী এলাকার কুখণ্ডী সানারপাড়া এলাকা  থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রীর নাম মৌসুমি খাতুন (২৪)। তিনি ওই এলাকার মৃত আক্কাস আলীর মেয়ে এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৌসুমির মা পিয়ারজান জানান, সকালে ঘরের সামনে গিয়ে মেয়েকে অনেক ডাকাডাকি করেন তিনি। পরে সাড়া না পেয়ে বড় মেয়েকে ডাকেন। একপর্যায়ে ওই ঘরের জানালা দিয়ে দেখেন, ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মৌসুমির দেহ ঝুলছে। এ সময় তারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মৌসুমির মরদেহ উদ্ধার করে।

পিয়ারজান আরও জানান, বেশ কিছুদিন থেকে দাঁতের ব্যথায় ভুগছিল মৌসুমি। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা করানো যাচ্ছিল না। অনেক কষ্টে তার পড়ালেখা চলছিল। এ কারণেও তার মেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্ত তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।