নানা বাসায় যেতে দূর্ঘটনায় ২ শিশু নিহত
প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৯:২৩ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুষ্টিয়া : নানা বাড়িতে ঈদ করতে মা-বাবার সাথে তাথই (৩) ও তাহিয়া (৫) ঢাকা থেকে কুষ্টিয়াতে যাচ্ছিল। কুষ্টিয়ার খোকসা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছে। আহত হয়েছে তাদের বাবা-মাসহ চারজন।
আহতরা হলেন-শিশুদের মা তন্নী, বাবা জাহিদুল ইসলাম, খালা জয়া ও তার মেয়ে আরিনা।
ওই দুই শিশু কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর দৌহিত্র।
পুলিশ ও নিহত দুই শিশুর স্বজনরা জানায়, সকালে কুষ্টিয়াগামী প্রাইভেটকার উপজেলার ক্লাব মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় ১৫ ফুট গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকার থেকে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাথই ও তাহিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুদের পিতা জাহিদুল ইসলাম গাড়ি চালাচ্ছিলেন।
এ ব্যাপারে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন জানায়, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অপমৃত্যু মামলা হতে পারে।
১৪.০৭.২০১৫
