সিলেটে শিশু রাজন হত্যার আরেক আসামিকে পুলিশে দিল এলাকাবাসী
প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০২:১৯ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেটে শিশু রাজন হত্যার আরেক আসামী দুলাল আহমদকে (২৮) পুলিশের হাতে সোর্পদ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া গ্রামের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পেশায় চা বিক্রেতা দুলাল শেখপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুলাল রাজন হত্যা মামলার সন্দেহভাজন আসামি। ভিডিও ফুটেজের মাধ্যমে তাকে চিহ্নিত করা হয়েছে। বুধবার আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, ভিডিও ফুটেজে রাজন নির্যাতনকালে দুলালের উপস্থিতি ও নির্যাতনে সহযোগিতা করতে দেখা যায়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
আজ বেলা আড়াইটার দিকে দুলালের মা ও বোন দুলালকে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিনের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।
বুধবার শিশু শেখ মো. সামিউল আলম রাজন (১৩) কে খুন করা হয়। ওইদিন দুপুরে মাইক্রোবাসযোগে তার লাশ ফেলে পালানোর সময় জনতা গাড়ীসহ মুহিত আলমকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে।
মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই সৌদি পালিয়ে যাওয়া কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগি আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।
হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৮ জন আসামিকে আটক করা হয়েছে।
১৫.০৭.২০১৫
