সঠিক সময়েই ধর্মান্তরিত হবো: মায়াবতী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
সঠিক সময়েই বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন বলে ইঙ্গিত দিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। নাগপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে মায়াবতী বলেছেন, যে দিন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বি আর আম্বেদকরের বড় সংখ্যক অনুগামীরা তাঁর সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণে রাজি হবেন, সেদিন তিনিও তার ধর্ম পরিবর্তন করবেন।
তিনি বলেছেন, ৬৩ বছর আগে ১৯৫৬-এ ঠিক এই দিনেই নাগপুরে অনুগামীদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বি আর আম্বেদকর। তিনি আরও বলেছেন অপমানিত হয়েই আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
একই সঙ্গে মায়াবতী তাঁর দলীয় কর্মীদের তিরস্কার করেন, মহারাষ্ট্রের কোনও আসনে দলকে না জেতাতে পারায়। তাঁর অভিযোগ বাবাসাহেবের অনুগামী হয়েও তাঁর দেখানো পথে তাঁরা চলতে ব্যর্থ হয়েছেন। কাশিরামের মতো তাই তিনিও এই কারণে ক্ষুব্ধ। এদিন তাঁর কটাক্ষে বিদ্ধ হন আর এস এস প্রধান মোহন ভগবতও। মায়াবতী বলেন, বি আর অম্বেদকর দেশের সংবিধান শুধুমাত্র হিন্দুদের জন্যে তৈরি করেননি। সব ধর্মের কথা ভেবেই সংবিধান তৈরি হয়েছিল। তিনি এক সংগঠিত দেশের স্বপ্ন দেখেছিলেন।
প্রসঙ্গত নাগপুরেই আরএসএসের সদর দফতর। রাজনীতিবিদদের একাংশ বলছেন, মায়াবতীর এই মন্তব্য কার্যত আরএসএসকেই কটাক্ষ করা।
মায়াবতী বলেছেন, বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করবেন, তখন এই ধর্মান্তরের কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২১ অক্টোবর শুরু হবে। যা শেষ হবে ২৪ অক্টোবর।
-জেডসি
