সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ‘ওডিআই’ সিরিজে ২-১ এ জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।
কঠোর অনুশীলন করলে যে ভাল ফল পাওয়া যায় বাংলাদেশ ক্রিকেট দল পরপর তিনটি সিরিজে জয়ী হয়ে তা প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী আশা করেন- বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
১৫.০৭.২০১৫
