জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ শোভাযাত্রা বের করা হয়।
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’এই স্লোগানে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯।
এতে, নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। বিভিন্ন রংয়ের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায়, বাংলাদেশ সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কমকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এই সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যারা সড়কে আসবেন, তারা সবাই মনে রাখবেন সড়ক কোনো আনন্দের জায়গা নয়, একটি বিপজ্জনক জায়গা। প্রতিমুহূর্তে এখানে গাড়ি চলছে, দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, জীবন আমার, সেই জীবনের দায়িত্ব আমি যদি না নিই, তাহলে আমার বাঁচার উপায় নেই। তাকে বাঁচানোর দায়িত্ব আমারই।
সড়কে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির গাড়ি চলা আর ২০ পিস্তলের গুলি সমান বিপদের মন্তব্য করে তিনি বলেন, আমি প্রত্যেককে বলতে চাই, আপনারা মনে রাখবেন, সড়কে যখন গাড়ি চলে তখন তার একটা গতি থাকে। একটি গাড়ি যদি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে, তাহলে ২০টি পিস্তল দিয়ে গুলি করলে যে বিপদ হয়, সেই একই বিপদ হবে। সেই বিপদ মাথায় না রেখে যদি আমরা গাড়ি চালাই এবং পথ চলি তাহলে আমাদের বাঁচার উপায় নেই।
অপরদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে কেবল চালক নয়; সাধারণ মানুষকেও সমান সচেতন হতে হবে। স্কুল পর্যায় থেকেই ট্র্যাফিক সচেতনতা বাড়াতে হবে।
এছাড়া ড্রাইভারদের দিয়ে অতিরিক্ত ডিউটি না করাতে গাড়ির মালিকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
-জেডসি
