রায়ের দিনে নুসরাতের কবরে ফুটন্ত গোলাপ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২২ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আজ বৃহস্পতিবার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজকের দিনেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ছবি ভাইরাল হয়েছে।
নুসরাতের কবরে ফুটেছে লাল ও সাদা গোলাপ। প্রকৃতির এই খেলার সঙ্গে মিলে গেছে একটি প্রতীকী চিত্র। যেন রায়ের দিনেই কবরে লাল গোলাপ হয়ে ফুটে উঠেছে নিহত নুসরাত। আর সাদা গোলাপ হয়ে সে যেন সারা দুনিয়াকে বার্তা দিচ্ছে শান্তির।
এলাকাবাসী জানায়, রায়ের দিনে নুসরাতের কবরে বাঁশের বেড়ায় ফুটন্ত সাদা ও লাল গোলাপের ছবি দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। রায়ের দিনে ফেসবুকে কবরের পাশে ফুটন্ত গোলাপের ছবি নিয়ে নুসরাতের জন্য জান্নাত কামনা করেছেন এলাকাবাসী। তারা বলছেন, ‘ফুল ফুটেছে রাফির কবরে, ফেনীর আদালত থাকবে সারাদেশের মানুষের নজরে।’
প্রসঙ্গত, গেল ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহানকে ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আট এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
২৭ মার্চ নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগ এনে মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে তার মা। ২৮ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে নুসরাত তার ওপর যৌন নিপীড়নের জবানবন্দি প্রদান করে। একইদিন সোনাগাজী থানা পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু জানান, মামলা তুলে না নেয়ায় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা মৃত্যুশয্যায় নুসরাত বলে গেছে। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।
-জেডসি
