চীনে নারী অধিকার কর্মী জেকিং হোয়াং গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৫ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
শৃঙ্খলা ভঙ্গ ও ঝামেলা উস্কে দেয়ার অভিযোগে চীনের শীর্ষস্থানীয় নারী অধিকার কর্মী এবং সাংবাদিক জেকিং হোয়াংকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটিতে মিটু ক্যাম্পেইন শুরু হয়েছিলো তার মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত ছিলেন সোফিয়া নামে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দক্ষিণ চীনের গুয়াংজু শহর থেকে তাকে আটক করা হয় বলে জানায় দেশটির সাউথ চায়না মর্নিং পোস্ট।
পুলিশের সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গ ও ঝামেলা উস্কে দেয়ার অভিযোগে হোয়াংকে এক সপ্তাহ আগে আটক করা হয়। এই ধরনের অভিযোগ মানবাধিকার কর্মী কিংবা সামাজিক অধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করে পুলিশ। যার অপরাধে অভিযুক্ত হলে তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে৷ ৩০ বছর বয়সী হোয়াংকে বায়ুন জেলার কারাগারে রাখা হয়েছে। তার পরিবার ও বন্ধুদের সাথে দেখা করতে দিচ্ছে না। কর্তৃপক্ষ বেশ আগে থেকেই তাকে কড়া নজরদারিতে রেখেছিলেন।
তিনি একাডেমিক কাজে যুক্তরাষ্ট্র, হংকং ও তাইওয়ানে ৬ মাস অবস্থান করে গত আগস্টে চীনে ফিরে আসলে হোয়াংকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। গত সেপ্টেম্বরে আইন বিষয় নিয়ে পড়ার জন্য তার হংকংয়ে যাওয়ার কথা ছিলো। তবে, তাকে ভূখণ্ড ছাড়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর হোয়াংকে গুয়াংজু সিকিউরিটি ব্যুরোতে ডাকা হয় ও অফিসিয়ালি তাকে গ্রেফতার করা হয়।
২০১৭ সালে মিটু ক্যাম্পেইন শুরুর আগে গুয়াংজু স্টেট মিডিয়ার হয়ে সাংবাদিকতা করতেন হোয়াং। মিটু ক্যাম্পেইনের মাধ্যমে নিজের কর্মস্থলে নিপীড়নের কথা সামনে নিয়ে আসেন তিনি।
তার দেখাদেখি আরো অনেক নারীরাই উদ্বুদ্ধ হন ও তাদের নিপীড়িত হওয়ার ঘটনাগুলোও সামনে নিয়ে আসেন। যার ফলে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একাডেমিশিয়ানরা পর্যন্ত বরখাস্ত হন।
এছাড়া, হোয়াং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হংকংয়ে সরকার বিরোধী আন্দোলনের ছবি পোস্ট করেন। তবে, এই বিষয়টি তাকে গ্রেফতারের কারণ কিনা, সেটি এখনো স্পষ্ট নয়। কারণ চীনে হংকংয়ে চলমান বিক্ষোভের বিষয় নিয়ে তথ্য প্রদান কিংবা তথ্য ছড়ানোর ক্ষেত্রে কঠোরতা আছে।
-জেডসি
