জীবনের সর্বক্ষেত্রে ঈদুল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ০৭:১২ এএম, ১৮ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ০৭:১৭ এএম, ১৮ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল-ফিতর- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।’
প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।
ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এ কামনা করে শেখ হাসিনা বলেন,‘পবিত্র এদিনে আমি মহান আল্লাাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।’
১৮.০৭.২০১৫
