ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৪৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উৎসাহ উদ্দীপনায় চলছে ঈদ উদযাপন

প্রকাশিত : ০৭:৩৫ এএম, ১৮ জুলাই ২০১৫ শনিবার | আপডেট: ০৭:৩৫ এএম, ১৮ জুলাই ২০১৫ শনিবার

1437192747স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে আজ শনিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দেশের মুসলমান সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন।
 
গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
 
তার আগে ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
 
এবার রমজান মাস শেষ হলো ২৯ দিনে।
একদিন আগেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুরের বেশ কয়েকটি গ্রামের মানুষও শুক্রবার ঈদ উদযাপন করে।
 
দেশের অনেক স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা আজ সকালে বৃস্টি মাথায় নিয়ে ঈদের নামাজ আদায় করতে যান।
 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বাণীতে এ শুভেচ্ছা জানিয়েছেন তারা।
 
ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
 
এছাড়া দেশের সব নগর-মহানগরে ঈদ জামাত অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
 
শুক্রবার থেকে ৩ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদের দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
 
রাজধানীতে বনানীর ঢাকা গেট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
 
আজ সন্ধ্যায় দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে।
 
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। বিভিন্ন পত্র-পত্রিকাও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।
 
এদিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
১৮.০৭.২০১৫