সাজাপ্রাপ্ত ১২১ শিশুকে মুক্তির নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
সরকারিভাবে এগুলোকে কিশোর উন্নয়ন কেন্দ্র বলা হলেও মূলত কিশোর অপরাধীদের জেলখানা বা সংশোধনকেন্দ্র হিসেবেই পরিচিত বেশি।
গাজীপুর এবং যশোরের কিশোর উন্নয়নকেন্দ্রে আটক রাখা ১২১ জন শিশুকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কেন্দ্রগুলো কিশোরদের জেলখানা বা সংশোধনকেন্দ্র হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
মূলত ১৮ বছরের কমবয়সী অপরাধী বা অভিযুক্তদের আটকে রাখার জন্য এই কেন্দ্রগুলো ব্যবহৃত হয়।
জানা গেছে, এই ১২১ জন শিশুকে আটকের পর বিভিন্ন অপরাধের অভিযোগে বিশেষ বাহিনী র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দিয়েছিল।
সাজাপ্রাপ্তির পর এই শিশুদের গাজীপুর এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়।
শিশুদের সাজা দেয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
দু'জন আইনজীবী পত্রিকার এই খবর সম্পর্কে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
একজন আইনজীবী জানিয়েছেন, আদালত এই শিশুদের মুক্তির নির্দেশ দিয়ে বলেছে, ভ্রাম্যমাণ আদালত কোন শিশুকে সাজা দিতে পারে না।
শিশুরা অপরাধ করলে শিশু আদালত তার বিচার করবে।
আদালত এটাও উল্লেখ করেছে যে, ভ্রাম্যামাণ আদালতের কোন শিশুকে আটক করে রাখার এখতিয়ার নেই।
