সিরাজগঞ্জে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ : একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
প্রকাশিত : ০৮:১৩ এএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৫০ এএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিরাজগঞ : মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরো ৫ জনের। গতরাত ১টার দিকে যাত্রীবাহী একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার আব্দুল রাজ্জাক (৬০), তার মেয়ে রোজিনা খাতুন (১৭) ছেলের বউ কমলা বেগম (২৫) ও জামাই আনোয়ার হোসেন (৩০)। তবে তাৎক্ষণিক নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার এসআই গোলাম মোস্তফা জানান, কড্ডার মোড় থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বেলকুচি যাচ্ছিল। অটোরিকশাটি মুলীবাড়ি এলাকায় পৌঁছলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হন। আহত ৩ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ঈদের পরের দিন একই স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন।
২১.০৭.২০১৫
