সম্পত্তির জন্য মারধর, সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দিলেন মা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার
সংবাদ সম্মেলনে ছেলের অমানবিক নির্যাতনের বর্ণনা দিলেন বৃদ্ধ মা। ছবি : সংগৃহীত
স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। এরপরই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন ২০ শতকের একটি পুকুর ও ৯ শতকের আবাদি জমি। কপালে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি চান্ডো বানুর (৭০)। তার কাছ থেকে পুকুর ও আবাদি জমি ছিনিয়ে নিতে তার ওপর নেমে আসে অত্যাচার ও নির্যাতন। একপর্যায়ে তাকে বাড়িছাড়া করেন তারই একমাত্র ছেলে। অবশেষে অন্য কোনো উপায় না দেখে সংবাদ সম্মেলনে এলেন বৃদ্ধ মা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘটেছে এমন ঘটনা।
চান্ডো বানু নলকা ইউনিয়নের কুমাজপুর গ্রামের মৃত দুলু মন্ডলের স্ত্রী। আর তার একমাত্র ছেলে সুমন মন্ডল (৩০)। আজ রোববার সকাল ১১টায় রায়গঞ্জ শেখ রাসেল স্মৃতি ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একখন্ড জমির জন্য ছেলের অমানবিক নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী মা।
সাত থেকে আট বছর আগে স্বামীকে হারিয়েছেন জানিয়ে চান্ডো বানু বলেন, ‘স্বামী হারানোর পর থেকে আমার প্রাপ্ত ২০ শতক পুকুর ও ৯ শতক আবাদি জমি রেজিস্ট্রি দলিল করে নেওয়ার জন্য দফায় দফায় শারীরিকভাবে মারধর করাসহ নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে সুমন। অত্যাচার-নির্যাতন মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে ওই জমি ছেলের নামে রেজিস্ট্রি করে দেই।’
বৃদ্ধ মা বলেন, ‘এ ছাড়াও আমার ছয় মেয়ের মধ্যে পাঁচ মেয়ের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে অজান্তেই তাদের প্রাপ্য জমি রেজিস্ট্রি করে নেয় সুমন। এরপর আমার সাথে বসবাস করতে থাকা আরেক মেয়ে আঞ্জু খাতুন (৩২) এর জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য আমাকে ও আমার মেয়েকে নানা অজুহাতে মারপিট করে রক্তাক্ত জখম করে সে।’
সুমন মেয়ের ঘরে লোক ঢুকিয়ে দিয়ে মানহানির ঘটনা ঘটাবে বলে হুমকি-ধামকি দিতে থাকে-উল্লেখ করে চান্ডো বানু বলেন, ‘বিষয়টি নিয়ে এলাকার মাতব্বর ও ইউপি চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থী হলে তাদের রায় অমান্য করে চালাতে থাকে অমানবিক নির্যাতন। সে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় মেয়েসহ আমি বাড়িছাড়া হয়ে অন্যের দ্বারে দ্বারে ঘুরছি।’
এ বিষয়ে বাদী হয়ে গত ১৭ অক্টোবর তারিখে সংশ্লিষ্ট সলঙ্গা থানায় তিনজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ওই বৃদ্ধা। একই সঙ্গে রেজিস্ট্রিকৃত জমি ফেরতসহ ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
