ছড়া : চলনবিলে নিমন্ত্রণ
প্রকাশিত : ০৯:০৩ এএম, ২৫ নভেম্বর ২০১৩ সোমবার | আপডেট: ০৯:০৪ এএম, ২৫ নভেম্বর ২০১৩ সোমবার
মো. আবুল কালাম আজাদ
আমার বাড়ি চলনবিলে
তাড়াশ থানার ছোট্ট নীড়ে
যেখান দিয়ে বইছে বিলের হাওয়া৷
সেই সেখানে থাকি আমি-
যা খুশি তাই নিত্য নতুন
যায় যে সবই পাওয়া৷
সূর্য ওঠে মুচকি হেসে
চন্দ্র জাগে আলতা ঠোঁটে
হৃদয়মাঝে জাগায় সুখের আশা৷
যদি যাও সেখানটাতে
ভুলেই যাবে শহরটাকে
অবশেষে বেঁধেই ফেলবে বাসা৷
বাঁধলে বাসা দেখবে তখন
চলনবিলটা মায়ের মতন
দেখবে মায়ের কতো ভালোবাসা!
আনবে বয়ে মুক্ত বাতাস
আলো-ছায়ায় পুরবে আকাশ
তোমার পাশে থাকবে প্রতিদিন৷
সব মিলিয়ে দেখার মত
আসলে তুমি চলেই এসো
আমার-চলনবিলে সুখেই কাটবে দিন৷ 