'সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার'
প্রকাশিত : ০৬:৫৬ এএম, ২২ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৬:৫৬ এএম, ২২ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, 'জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মুখে এই অগণতান্ত্রিক সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার।'একই সঙ্গে তিনি ছাত্রদল সভাপতি রাজীব আহসানের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিএনপি চেয়ারপারসন অবিলম্বে ছাত্রদল সভাপতিসহ মিথ্যা ও বানোয়াট অভিযোগে গ্রেফতারকৃত বিরোধীদলের সকল নেতাকর্মীর নিঃশর্ত ও আশু মুক্তি দাবি করেন
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ দাবি জানিয়েছেন।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, 'পবিত্র ঈদের পরের দিন বাবার কবর জিয়ারত এবং বৃদ্ধা মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা ফেরার পথে পটুয়াখালী জেলার লেবুখালী ফেরিঘাটে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের ঘটনা অমানবিক।'
তিনি আরো বলেন, 'বিরোধী রাজনীতিকে দুর্বল করার অপপ্রয়াসে ছাত্রনেতা রাজীবকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর তাকে বহনকারী গাড়িতে মাদক পাওয়ার কথা প্রচার রাজনৈতিক কর্মীদের চরিত্র হননের একটি ঘৃণ্য নাটক ছাড়া আর কিছুই নয়।'
খালেদা জিয়া বলেন, 'ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের সময় সেখানে কেউ মাদক উদ্ধার করতে দেখেননি, কিংবা সেখানে এসব কিছু পাওয়ার কথাও পুলিশ তখন কাউকে জানায়নি। কাজেই ঘটনার দীর্ঘ সময় পর পুলিশ কার্যালয়ে বসে যে বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে তা উদ্দেশ্যমূলক ও মানহানিকর।'
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, 'একই দিন ঢাকা ও নরসিংদীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেনকে গ্রেফতার করার জন্য পরিচালিত পুলিশি অভিযান প্রমাণ করে যে, ছাত্রদল সভাপতি রাজীব আহসানকেও রাজনৈতিক সিদ্ধান্তেই গ্রেফতার করা হয়েছে এবং মাদক উদ্ধারের বিষয়টি একটি ঘৃণ্য প্রচারণা ছাড়া আর কিছুই নয়।'
২২.০৭.২০১৫
