কসবায় ট্রেন দুর্ঘটনা: নিহত ১০ জনের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১০ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা নিহতেদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করছেন।
এখন পর্যন্ত পরিচয় পাওয়া নিহতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম রাজারগাঁওয়ের মুজিবুল রহমান (৫৫); হবিগঞ্জের ভোল্লার ইয়াছিন (১২); চুনারুরঘাটের তিরেরগাঁওয়ের সুজন আহমেদ (২৪); মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০); চাঁদপুরের কুলসুম বেগম (৩০); হবিগঞ্জের বানিয়াচংয়ের আল-আমিন (৩০); হবিগঞ্জের আনোয়ারপুরের আলী মোহাম্মদ ইউসুফ (৩২); হবিগঞ্জের বানিচংয়ের আদিবা (২); ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহামনি (৩) ও চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫)। বাকি ৬ জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৩ মিনিটে ভোররাতে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনার পর থেকেই চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
-জেডসি
