মুরাদনগরে যুবক পিটিয়ে হত্যা, গৃহকত্রীর জবানবন্দি
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুমিল্লা : জেলার মুরাদনগরের কাজিয়াতল গ্রামে ডাকাতির অভিযোগে শামসুদ্দিন মনির নামের এক যুবককে হাত-পা-চোখ বেঁধে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকত্রী নাছিমা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
রবিবার তাকে কুমিল্লার আমলী আদালত-৮’র বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রা চক্রবর্তীর আদালতে তিনি এ জবানবন্দী দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই শাহ কামাল আকন্দ উইমেননিউজকে জানান, মামলার তদন্তে এ ঘটনায় গৃহকত্রী নাছিমার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কাজিয়াতল গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে পাওনা টাকা ফিরিয়ে দেয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে মনিরকে আটক করে হাত-পা বেঁধে পিটিয়ে পায়ের রগ কেটে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। পরে সকালে জনতার গণপিটুনিতে ডাকাত আহত হওয়ার খবর পেয়ে মুরাদনগর থানার এসআই শামসুল আলমের নেতৃত্বে একদল পুলিশ মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
২৬.০৭.২০১৫ 
