ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৩৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে লবণের মজুদ পর্যাপ্ত: শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে কক্সবাজার এবং চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন ও বিভিন্ন লবণ মিলের গুদামে রয়েছে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন।

লবণ সংকটের গুজবে মঙ্গলবার (১৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, দেশজুড়ে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারির পাশাপাশি খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ আছে। চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হওয়ায় কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।

দেশে প্রতি মাসে লবণের চাহিদা কমবেশি এক লাখ মেট্রিক টন। অন্যদিকে, লবণের মজুদ রয়েছে সাড়ে ছয় লাখ মেট্রিক টন। সে হিসেবে লবণের কোনো ধরনের ঘাটতি কিংবা সংকট হবার প্রশ্নই ওঠে না।

একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট আছে মর্মে গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের গুজবে বিভ্রান্ত না হতে শিল্প মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে।

উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয় নিয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে- ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন); ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

-জেডসি