পরিবহন ধর্মঘট স্থগিত: আপাতত আইন কার্যকর হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩০ এএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রাজপথে পরিবহণের অভাবে বিপাকে সাধারণ মানুষ।
পরিবহন শ্রমিকদের অনীহায় যান সংকটের কারণে সারাদেশে টানা দুদিন সাধারণ মানুষের যারপরনাই ভোগান্তির পর অবশেষে গতকাল বুধবার মধ্যরাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা এসেছে।
দুপক্ষের বৈঠকের পর সরকারের তরফ থেকে বলা হয়েছে, চালক-শ্রমিকরা এখন যেসব লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র ব্যবহার করছেন, সেগুলো আরও ৭ মাস অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
এ সময়কালের মধ্যে চালকদের লাইসেন্স, গাড়ির কাগজপত্র ইত্যাদি হালনাগাদ করে নিতে হবে বিআরটিএর কাছ থেকে। অর্থাৎ সড়ক পরিবহন আইন-২০১৮ এখনই কার্যকর হচ্ছে না। এ ছাড়া এর যে ৯টি ধারা সংশোধনের দাবি তোলা হয়েছিল পরিবহন নেতাদের পক্ষ থেকে, সেগুলোর মধ্যে যৌক্তিক যেসব দাবি রয়েছে, সেগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এ লক্ষ্যে চালক-শ্রমিকদের দাবিগুলো যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে সুপারিশ আকারে। যোগাযোগ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করে সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর এসব বিষয়ে উদ্যোগী হবে।
পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের সঙ্গে বৈঠক শেষে রাত ১২টা ৫০ মিনিটে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দেশব্যাপী গত মঙ্গলবার থেকে শুরু হয় যানবাহন সংকট। এ অবস্থার উত্তরণে সেদিন পরিবহন নেতাদের সঙ্গে ধানমন্ডির বাড়িতে বসে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সে বৈঠকে কোনো ফয়সালা না হওয়ায় বুধবার রাতে ফের বৈঠকে বসে দুপক্ষ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনে যে কয়টি ধারা নিয়ে তারা (বিক্ষোভকারী) আবেদন করেছেন, সেগুলো সংশোধনে আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠাব। আর যেসব কাগজপত্রে সমস্যা আছে, সেগুলো সংশোধন করে নেওয়ার জন্য তাদের আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাদের যৌক্তিক দাবিগুলো আমরা মেনে নিয়েছি।
