নায়িকা খুঁজতে কলকাতায় কবরী
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষে নতুন চলচ্চিত্র এই তুমি সেই তুমির কাজ শুরু করতে যাচ্ছেন কবরী। ছবিতে নায়ক হিসেবে এরই মধ্যে আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। অনেক দিন ধরেই নায়িকা খুঁজছেন তিনি। কিন্তু শুভর সঙ্গে মানানসই নতুন নায়িকার দেখা পাননি কবরী। যাঁদের সঙ্গে কথা হয়েছে, তাঁদের মধ্যে আবার রয়েছে পেশাদারির অভাব। এবার নায়িকা চূড়ান্ত করার জন্য কলকাতায় যাচ্ছেন তিনি।
আগামী সপ্তাহের কোনো একদিন কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন কবরী। থাকবেন তিন দিন। এ সময়ের মধ্যে নতুন ছবির নায়িকা চূড়ান্ত করে ফেলতে পারবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি।
কবরী বলেন, ‘নায়ক ঠিক থাকলেও এখনো নায়িকার দেখা পাচ্ছি না। বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কাজের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখিনি। আমি খুব হতাশ। বাধ্য হয়ে ছুটছি কলকাতার উদ্দেশে। সেখানে কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেও রেখেছি। যাওয়ার পর চূড়ান্ত আলাপ সেরে নেব।’
এই তুমি সেই তুমি ছবির গল্প দুই প্রজন্মের দুই জুটি নিয়ে। এর মধ্যে একটি জুটি কবরী-আলমগীরের। অন্য জুটির মধ্যে শুধু আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে। শুভর সঙ্গে মানানসই নায়িকা পেলেই পুরোদমে ছবির কাজ শুরু করে দেবেন বলে প্রথম আলোকে জানান কবরী।
২৮.০৭.২০১৫ 