কেনিয়ায় ভূমিধসে অন্তত ২৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
কেনিয়ায় ভূমিধসে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভূমিধসে নারী ও সাত শিশুসহ অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে। তীব্র ঝড়বৃষ্টির কারণে ভূমিধসে তাদের বাড়িঘর ভেসে গেলে এসব প্রাণহানি ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা শনিবার এ তথ্য জানান।
রাজধানী নাইরোবি থেকে ৩৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে ওয়েস্ট পোকোট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ওয়েস্ট পোকোট কাউন্টি কমিশনার অ্যাপোলো ওকেলো সাংবাদিকদের বলেন, ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
তিনি বলেন, তুমুল বৃষ্টির কারণে আমাদের বেগ পেতে হচ্ছে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা এক বিবৃতিতে হতাহতদের আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, পোকোটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গেছে। ধ্বংসস্তুপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কেবল কেনিয়াই নয় কয়েক সপ্তাহের তীব্র ঝড় বৃষ্টির কারণে পূর্ব আফ্রিকাজুড়েই ভূমিধসের ঘটনা ঘটছে।
