যৌন নির্যাতনের দায়ে দুই ক্যাথলিক ধর্মযাজকের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আর্জেন্টিনায় চার্চের একটি স্কুলে বধির শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে রোমান ক্যাথলিক দুই ধর্মযাজককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একইসঙ্গে কারাদণ্ড হয়েছে ওই স্কুলের একজন মালির। কারাদণ্ড প্রাপ্তরা হলেন-হোরাসিও করবাচো এবং নিকোলা কারাডি। এই শাস্তির বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।
আদালতে নির্যাতিত শিশুদের অনেক মাকে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে। অন্যদিকে রায়ের কথা শুনে আদালতের বাইরে উল্লাস করতে থাকেন তরুণ তরুণীরা। নির্যাতিত শিশুদের একজনের পিতা অ্যারিয়েল লিজারাগা। তিনি একটি কারখানায় কাজ করেন।
বিবিসি বলছে, ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মেনডোজা প্রদেশের একটি স্কুলে শিশুদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। গত কয়েক দশক ধরে সারাবিশ্বে শিশুদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ সব অভিযোগের মুখে ক্যাথোলিক চার্চ। সোমবার মেনডোজা প্রদেশের রাজধানী মেনডোজায় একটি আদালত অভিযুক্ত আজেন্টিনার যাজক করবাচোকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে। করবাচোর বয়স ৫৯ বছর। লুজান ডি সিউয়ো শহরে ইন্সটিটিউটো অ্যান্টোনিও প্রোভোলো ডি মেনডোজায় শিশুদের ওপর যৌন নির্যাতনের জন্য অভিযুক্ত করা হয় করবাচোকে।
অন্যদিকে, ৪২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে কারাডিকে। ৮৩ বছর বয়সী এই যাজক ইতালির নাগরিক। ইতালির ভেরোনায় একই ইন্সটিটিউটে’র স্কুলে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হয়েছে তার বিরুদ্ধ। একই মামলায় ১৮ বছরের কারাদণ্ড হয়েছে লুজান ডি কিউয়ো স্কুলের মালি আরমান্ডো গোমেজের।
-জেডসি
