ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২২:৩৯:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কার্যকর উদ্যোগ নিতে হবে : স্পিকার

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৬ পিএম, ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

image_138038.shirin-sharmin-chowdhury-2 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আজ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উপলক্ষ্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্পিকার বলেন, মৎস্যখাত দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের মৎস্যখাত জাতীয় অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলছে। তাই মৎস্য খাতের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জেলে সমাজের উন্নয়নে তাদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান একটি প্রশংসনীয় ও যুগান্তকারী উদ্যোগ। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে হলে জেলেদের জীবনমানেরও উন্নয়ন ঘটাতে হবে। স্পিকার বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেশের সকল জলাশয়কে মৎস্য চাষের কাজে লাগানোর উদ্যোগ প্রশংসার দাবী রাখে। প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন মৎস্য চাষ সম্পর্কে সকলকে সচেতন করার পাশাপাশি মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে অনেক অবদান রাখবে। তিনি মৎস্য খাতের উন্নয়নে সকলকে আরো সচেতন ও তৎপর হওয়ার আহবান জানান। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মো: ছায়েদুল হক, চীফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ মো: শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মাহবুব আরা গিনি এবং সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংসদ ভবন লেকে তিন ধরনের মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে কাতলা ৩২০ কেজি, রুই ২৪০ কেজি এবং মৃগেল ২৪০ কেজি। এসময় সংসদ সচিবালয় এবং মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ২৯.০৭.২০১৫