ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ২:৩৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি থেকে দেশে ফিরেছেন হোসনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

হোসনা আক্তার

হোসনা আক্তার

অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেই হোসনা আক্তার। বুধবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার দেশে ফেরার বিষয়টি রিয়াদ বিমানবন্দর থেকে নিজেই ব্র্যাককে নিশ্চিত করেন হোসনা।

এর আগে সম্প্রতি সৌদি আরবের নাজরান এলাকার একটি বাড়ি থেকে গৃহকর্তার নির্যাতনের শিকার হোসনা বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন। পরে স্ত্রীকে নিরাপদে দেশে ফেরত আনতে সরকারের কাছে আকুতি জানান তার স্বামী শফিউল্লাহ।

পারিবারিক সূত্র জানায়, দালাল শাহীন মিয়া ও রিক্রুটিং এজেন্সি আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনের প্রলোভনে পড়ে এজেন্সি আল-সারা ওভারসিসের মাধ্যমে সৌদি যান হবিগঞ্জের হোসনা আক্তার।

সেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে হোসনা এক ভিডিও বার্তায় তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে বাঁচার আকুতি জানান স্বামী শফিউল্লাহর কাছে। উপায়ান্তর না পেয়ে শফিউল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। কিন্তু তারা হোসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবি করে।

পরে স্ত্রীকে দেশে আনতে গত ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তা চেয়ে আবেদন করেন শফিউল্লাহ। ওই আবেদনের ভিত্তিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদে হোসনাকে দেশে ফেরত আনতে সক্ষম হয়।