নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ০১:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসচাপায় রাশেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারাইনগর এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘণ্টাব্যাপী ওই সড়ক অবরোধ করে রাখে।
নিহত রাশেদ উপজেলার বজরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে বারাইনগর এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক পার হচ্ছিলো রাশেদ। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস রাশেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন।
৩১.০৭.২০১৫
