দুর্বৃত্তদের আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু
প্রকাশিত : ০৮:৫৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৩ বুধবার | আপডেট: ০৮:৫৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৩ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, ইউমেননিউজ২৪.কম
গাজীপুর: এবার পেট্রোল বোমায় প্রাণ গেলো মা ও মেয়ের৷ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মা সুমি আক্তার ও শিশু কন্যা সানজিদা মারা গেছেন৷
এছাড়া ওই কাভার্ডভ্যানে থাকা আরো দুইজন এ ঘটনায় আহত হয়েছেন৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুরের ঢাকা বাইপাস সড়কের মুগর খাল এলাকায় নারায়নগঞ্জ থেকে বগুড়াগামী পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷
এতে কাভার্ডভ্যানে থাকা মা ও শিশু কন্যা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়৷
আগুনে পুড়ে মারাত্মক আহত হন কাভার্ডভ্যানে থাকা শিশু সাদিয়া ও তার পিতা আদম আলী৷ তাদের গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হতাহতদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাহমান এলাকায়৷
এর আগে রাত সাড়ে আটটার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দেয় জামায়াত শিবিরকর্মীরা৷ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷
১১ ডিসেম্বর ২০১৩
