ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২২:১৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লিবিয়ায় ড্রোন হামলায় নারী-শিশুসহ ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

লিবিয়ার খলিফা হাফতার নেতৃত্বাধীন সরকারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের চালানো ড্রোন হামলায় ৯ শিশু ও এক গর্ভবতী নারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। খবর-আল জাজিরা’র।

দেশটির জাতীয় সরকার জানায়, গত রবিবার দক্ষিণ ত্রিপলির আল-সোয়নি আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। তার কয়েক ঘন্টা আগে দক্ষিণাঞ্চলের মারজুক শহরের একটি বাড়িতে ড্রোন হামলায় দুই নারী ও ৯ শিশুসহ ১১ জন মারা যান।  শহরের হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে, নিহত নারীদের একজন ছিলেন অন্তঃসত্ত্বা।  

দেশটিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সরকারি জোটের (জিএনএ) সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে রবিবার এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।

জিএনএ কমান্ডার খলিফা হাফতার নেতৃত্বাধীন সরকারকে আরব আমিরাত সমর্থন দিয়ে আসছে, এমন অভিযোগ উঠলেও দেশটি তা অস্বীকার করেছে। গত ৪ এপ্রিল দেশটির রাজধানী ত্রিপোলিতে অভিযান চালিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেন লিবিয়ার পূর্বাঞ্চলীয় বাহিনীর নেতা খলিফা হাফতার।

জাতিসংঘের তথ্য বলছে, হাফতার বাহিনীর ওই অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত ও আরো ৫ হাজারের বেশি আহত হয়েছেন।

২০১১ সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির মারা যাওয়ার পর থেকে দেশটির শাসন ক্ষমতা দুইভাগে বিভক্ত হয়ে গেছে। এর মধ্যে একটি পক্ষ মিসর ও সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট লিবিয়ার পূর্বাঞ্চলের হাফতার বাহিনী এবং অন্য পক্ষ হলো জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ত্রিপোলির সরকার।

-জেডসি